'অপারেশন সিঁদুর'-এর পর গুজরাটে মোদী, রোডশোতে কর্নেল সোফিয়ার পরিবার


মানুষের ভাষা , ওয়েব ডেস্ক , বডোদরা, ২৬ মে, ২০২৫: 

'অপারেশন সিঁদুর'-এর পর প্রথমবারের মতো গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বডোদরায় তাঁর রোডশোতে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর 'অপারেশন সিঁদুর'-এর অন্যতম পরিচিত মুখ কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করার জন্য পরিচালিত এই অভিযানের বিষয়ে জনসাধারণের সামনে তথ্য তুলে ধরার দায়িত্বে ছিলেন কর্নেল সোফিয়া।



সোমবার বডোদরার হার্নি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর রোডশো শুরু হয়। রাস্তার পাশে 'অপারেশন সিঁদুর'-এর সাফল্য বর্ণনা করে টাঙানো হয়েছে বড় বড় হোর্ডিং। রাস্তার দু'পাশে দাঁড়িয়ে স্থানীয়রা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তাঁদের মধ্যেই ছিলেন কর্নেল সোফিয়ার বাবা তাজ মহম্মদ এবং মা হালিমা কুরেশি।



বিতর্কের আবহে কর্নেল সোফিয়ার পরিবার



উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশের এক বিজেপি মন্ত্রী বিজয় শাহ 'অপারেশন সিঁদুর' নিয়ে মোদী সরকার এবং সেনার প্রশংসা করার সময় কর্নেল সোফিয়াকে 'সন্ত্রাসবাদীদের বোন' বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের জেরে মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং সুপ্রিম কোর্ট তাকে ভর্ৎসনা করে। মন্ত্রী বিজয় শাহ পরে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে ভাষার 'গোলমাল' হয়েছে। কর্নেল সোফিয়ার পরিবার এই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছিল এবং মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জিও জানিয়েছিল। বিজেপির শীর্ষ নেতৃত্ব যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি বা বিজয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপও গ্রহণ করেননি। এমন একটি বিতর্কের আবহে প্রধানমন্ত্রীর রোডশোতে কর্নেল সোফিয়ার বাবা-মায়ের উপস্থিতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।


মোদীর গুজরাট সফরসূচি

সোমবার আহমেদাবাদেও প্রধানমন্ত্রীর একটি রোডশো রয়েছে, যেখানে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দু'দিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী ভুজ, দাহোদ এবং গান্ধীনগরে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে ভুজে ৫৩,৪১৪ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। প্রসঙ্গত, 'অপারেশন সিঁদুর'-এর পর পাকিস্তান ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করেছিল, যার মধ্যে ভুজও তাদের লক্ষ্যবস্তু ছিল। তবে ভারতীয় সেনা সেই প্রচেষ্টা ব্যর্থ করে। এবার এই ভুজেই কান্দলা বন্দর পরিকাঠামো, সৌর বিদ্যুৎ এবং সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী।


এছাড়াও, দাহোদে ২৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আনন্দ-গোধরা, মেহসানা-পালনপুর, রাজকোট-হাদমতিয়া রেললাইনের উদ্বোধনও তাঁর হাতে হবে। মঙ্গলবার গান্ধীনগরে একটি হাসপাতাল এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত ২২ হাজার বাড়ি উদ্বোধনের কর্মসূচি রয়েছে মোদীর। আহমেদাবাদে একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর।